কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল বাদাল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে ও চাচাতো ভাই গুরুতর আহত হয়েছেন।

গত ১৩ সেপ্টেম্বর রবিরার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল বাদাল ওই গ্রামের মৃত ফুল চাঁদের ছেলে। আহতরা হলো নিহতের ছেলে তপন (১৯) এবং চাচাতো ভাই বাবুল হোসেন (৩২)। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বড় ভাই বজলু রহমানের সঙ্গে ইমদাদুল বাদালের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বজলু রহমান ধারালো হাসুয়া দিয়ে ইমদাদুলকে এলোপাতাড়ি কোপ দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তপনকেও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বাধা দিতে গেলে বাবুল হোসেনের ওপরও হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তপনকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বাবুল হোসেনকেও আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুজনই চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।